দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্যাস বা বিদ্যুৎ সরবরাহ-সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সংগঠনটির দাবি, গাজীপুর ও নারায়ণগঞ্জের কয়েকটি সদস্য কারখানা টানা ছুটির সুবিধা দিতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে।
সোমবার বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, কারখানা বন্ধের বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে আজ গ্যাস বা বিদ্যুৎ সংকটের কারণে কোনো কারখানা বন্ধ করা হয়নি।
তিনি জানান, ৫ আগস্টের পূর্বনির্ধারিত বার্ষিক ছুটি (কিছু কারখানার ক্ষেত্রে) এবং ৭ আগস্টের সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে কয়েকটি কারখানা তিন থেকে চার দিনের ছুটি ঘোষণা করেছে। শ্রমিকদের অনুরোধে কোনো কোনো কারখানা মঙ্গলবার ও বৃহস্পতিবার, আবার কেউ বৃহস্পতিবার ও শনিবার অতিরিক্ত ছুটি যুক্ত করে টানা চার দিনের ছুটি দিয়েছে।
মোহাম্মদ হাতেম বলেন, অতিরিক্ত ছুটির দিনগুলো পরবর্তীতে সাধারণ কর্মদিবসে কাজের মাধ্যমে সমন্বয় করা হবে। এতে শ্রমিক ও মালিক—উভয় পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি আরও বলেন, এ সময় ডাইং ইউনিটগুলো চালু রাখা গেলে চলমান গ্যাস সংকটের মধ্যেও কিছু ফ্যাব্রিক উৎপাদন সম্ভব হবে, যা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ইতিবাচক হবে।
বিকেএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, এ ব্যাখ্যার মাধ্যমে কারখানা বন্ধের বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হবে।
এমএস/